|| নিউজ ডেস্ক ||
২০২৫ সালে বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। ২০২৪ সালে রপ্তানির পরিমাণ ছিল ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। এই হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে মাত্র ০ দশমিক ৮৯ শতাংশ। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
ডব্লিউটিও’র প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ায় বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলোর তুলনায় এই প্রবৃদ্ধি সর্বনিম্ন। প্রতিযোগীরা যেখানে বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করছে, সেখানে বাংলাদেশ ধীরে ধীরে গতি হারাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়ে বিশ্ববাজারে পোশাকের সামগ্রিক প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ। বৈশ্বিক চাহিদার এই ইতিবাচক ধারার মধ্যেও বাংলাদেশের প্রবৃদ্ধি ১ শতাংশের নিচে থাকার অর্থ হচ্ছে, দেশটি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে।
শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে চীন, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের রপ্তানিও কমেছে। অন্যদিকে এশিয়ার অন্য দেশগুলো ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। বাংলাদেশের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ১০ দশমিক ৫৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ৩৭ দশমিক ৫১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর ফলে বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ১ দশমিক ৩১ বিলিয়ন ডলারে।
অন্যান্য দেশের মধ্যে কম্বোডিয়া রেকর্ড ১৬ দশমিক ৮৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া পাকিস্তান ৬ দশমিক ৮৩ শতাংশ, ইন্দোনেশিয়া ৫ দশমিক ৭৯ শতাংশ ও ভারত ৫ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে।
