নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপিসহ অন্যান্য দলের ‘নোট অব ডিসেন্ট’ মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
‘উঠতে দিলে দাঁড়াতে চায়, দাঁড়াতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়, শুতে দিলে…;’ এমন শিরোনাম দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইশরাক। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ঐকমত্য কমিশন তাদের বিবেচনায় সুপারিশ দিয়েছে, সেই স্বাধীনতা তাদের রয়েছে। কিন্তু এটা কোনোভাবে ‘ঐক্যমতের সুপারিশ মালা নয়’। এখানে অত্যন্ত চতুরতার সঙ্গে কমিশনে ঐকমত্য পোষণ করা সুপারিশমালা পরিবর্তন করে জমা দেওয়া হয়েছে।
ইশরাক হোসেন আরও লিখেছেন, বিএনপিসহ অন্যান্য দলের ‘নোট অব ডিসেন্ট’ বা বাংলায় ‘অসহমত পোষণ’ করে দেওয়া লিখিত মন্তব্য মুছে ফেলা হয়েছে। তিনি আরও লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর লুকায়িত আরেকটি ছায়া সরকার জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে সেটি আমরা শুরু থেকেই জানি। বাংলাদেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার আগে অন্য কোনো ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা কঠোর হস্তে প্রতিহত এবং ব্যর্থ করে দেওয়া হবে ইনশাআল্লাহ।


