‘জলধি’ আয়োজিত নাসরীন জাহানের কথাসাহিত্য নিয়ে বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার গ্রহণ করলেন ৫ জন। পুরস্কারজয়ীরা হলেন, শাহেরীন আরাফাত, সোহেল মাজহার, ইলিয়াস বাবর, জাহাঙ্গীর হোসাইন ও নিশীথ ষড়ংগী। শনিবার (১৫ নভেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫০৫ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এই পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন জলধির কর্ণধার কবি, সম্পাদক ও প্রকাশক নাহিদা আশরাফী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও লেখক খালিকুজ্জামান ইলিয়াস। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক পারভেজ হোসাইন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক দিলারা মেসবাহ, সিরাজুল ইসলাম, পারভীন সুলতানা, মনি হায়দার, ইশরাত তানিয়া ও লাবনী মন্ডল। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবি ও কথাসাহিত্যিক রেজাউল করিম, কবি আশরাফ আহমদ, আলফ্রেড খোকন, মোস্তাফিজ শফি, ফিরোজ আহমেদ বাবু, ফরিদ কবীর, মিলা মাহফুজা, তাহমিনা কোরাইশি, শাহানা শিমু,শামীম আরা, শারমিন সাথী ও ড. শাহিন মনজু । নাসরীন জাহানের কবিতা আবৃত্তি করেন শিরীন বেবী, মাহি ফারহানা ও মাহবুবা হক রুনা ।
এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে প্রথম ও দ্বিতীয় দফা বাছাই শেষে বিচারকরা সেরা ৫ নির্বাচন করেন। বিচারকদের মূল্যায়নে প্রথম হয়েছেন শাহেরীন আরাফাত, দ্বিতীয় হয়েছেন সোহেল মাজহার, তৃতীয় হয়েছেন ইলিয়াস বাবর, চতুর্থ হয়েছেন জাহাঙ্গীর হোসাইন ও পঞ্চম স্থান অর্জন করেছেন নিশীথ ষড়ংগী।
অনুষ্ঠাতে উপস্থিত সেরা ৩ জন তাদের অনুভূতি ব্যক্ত করেন। কথাসাহিত্যিক নাসরীন জাহানও আয়োজন সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করেন।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য পাঠকদের বই পড়ার অভ্যাস বৃদ্ধি ও সমালোচনামূলক চিন্তাশক্তির বিকাশ ঘটানো।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও অর্থ মূল্য তুলে দেওয়া হয়।
জলধির কর্ণধার নাহিদা আশরাফী জানান, আগামী বছর এই প্রতিযোগিতার পরবর্তী আসর আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।


