চট্টগ্রাম প্রতিনিধি
গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে গণসংযোগ করছিলেন। বুধবার (৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় এই ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এমন হয় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।
এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে বলেন, নির্বাচনি প্রচারণাকালে নগর বিএনপির আহ্বায়কসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
উল্লেখ্য, ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম–৮ আসন থেকে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।


